ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩১ এএম

বিশ্ব ক্রিকেটের লিজেন্ডদের লড়াইয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট ভারত চ্যাম্পিয়ন্সকে ৩ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এনামুল হক জুনিয়রের ঘূর্ণি জাদু এবং ডেথ ওভারে আবু জায়েদ রাহির দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর জয় পায় বাংলাদেশ।

শুরুতেই ঝড়, পরে ধীরগতি

ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক যুবরাজ সিং। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন বাংলাদেশের দুই ওপেনার। প্রথম দুই ওভারেই দলীয় রান ৩০ ছুঁয়ে ফেলে। তবে তৃতীয় ওভারের প্রথম বলেই ৬ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি খেলেন রনি তালুকদার। ২৫ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে তিনি করেন ঝড়ো ৪০ রান। তবে ফজলুল হক রাব্বি, জহুরুল ইসলাম ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে রান তোলার গতিতে ধীরগতি নেমে আসে।

পরে দীর্ঘ বিরতির পর জাতীয় দলের জার্সিতে ফেরা নাসির হোসেন কিছুটা স্থিতি আনেন। ২১ বলে দুটি চারের সাহায্যে ২৪ রান করে তিনি পীযুশ চাওলার শিকার হন। শেষদিকে আরাফাত সানির দায়িত্বশীল ৩৮ বলে ৩৭ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রানের মাঝারি পুঁজি পায় বাংলাদেশ।

ভারতের পক্ষে পীযুশ চাওলা ৩টি এবং পবন নেগি ও ঋষি ধাওয়ান দুটি করে উইকেট শিকার করেন।

ধসে পড়া ভারতের ব্যাটিং লাইনআপ

১৪২ রানের লক্ষ্য তাড়ায় নেমে বিপর্যয়ে পড়ে ভারতের তারকা খচিত ব্যাটিং লাইনআপ। স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ হতেই আম্বাতি রাইডু প্যাভিলিয়নে ফেরেন। স্কোর ৩০ পেরোতেই একে একে সাজঘরে ফেরেন স্টুয়ার্ট বিনি ও অধিনায়ক যুবরাজ সিং। এরপর রবিন উথাপ্পা ও ইউসুফ পাঠানও দ্রুত আউট হলে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার উপক্রম হয় ভারতের।

দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করেন ঋষি ধাওয়ান (১৮ বলে ২৪) ও পরে মন্থর ব্যাটিং করা ইরফান পাঠান (৪১ বলে ২৪)। তবে এনামুল হক জুনিয়রের সময়োপযোগী আঘাতে ফের চাপে পড়ে ভারত। এনামুল তার স্পিন ভেল্কিতে ভারতের চার ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে এনে দেন।

রাহির শেষ ওভারের স্নায়ুচাপ জয়

ম্যাচের যখন চরম উত্তেজনা, তখন পবন নেগি ও পীযুশ চাওলা লোয়ার অর্ডারে ঝড়ো আক্রমণ চালিয়ে জয় ছিনিয়ে নেওয়ার উপক্রম করেন। শেষ ওভারগুলোতে ভারতের এই জুটি প্রায় ম্যাচ বের করে নিয়েছিল।

তবে শেষ ওভারে সমস্ত স্নায়ুচাপ জয় করে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান পেসার আবু জায়েদ রাহি। ডেথ ওভারে অত্যন্ত নিয়ন্ত্রিত বোলিং করে একটি বাউন্ডারিও হজম করেননি তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ভারতের ইনিংস থামે ১৩৮ রানে। ৩ রানের নাটকীয় জয়ে উচ্ছ্বাসে ভাসে পুরো বাংলাদেশ শিবির।

 

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ লিজেন্ডস: ১৪১/৮ (২০ ওভার) (রনি ৪০, সানি ৩৭, নাসির ২৪; চাওলা ৩/২৪, ধাওয়ান ২/২১, নেগি ২/২২) ভারত লিজেন্ডস: ১৩৮/১০ (২০ ওভার) (ঋষি ২৪, ইরফান ২৪, নেগি/চাওলা; এনামুল হক জুনিয়র ৪ উইকেট) ফলাফল: বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ৩ রানে জয়ী।

সর্বশেষ সর্বাধিক পঠিত