নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (১২অক্টোবর) সকাল সাতটার দিকে উপজেলার পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন ও আহত ব্যক্তিরা সবাই উপজেলার বান্টি এলাকার মালুপাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, ওই ব্যক্তিরা আধুরিয়া থেকে মাছ ধরে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সুজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ছয়জন।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকার লালমাটিয়ায় বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং গাউছিয়ার একটি হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।