আ.লীগের সাবেক নেতাকে ডিলার নিয়োগ, বিএনপিতে ক্ষোভ

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০১:২৭ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে সারের ডিলারশিপ পেয়েছেন মেসার্স এম এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মির্জা আব্বাস মিলন। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও শেখর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই নেতাকে সার ডিলার নিয়োগ দেওয়ার ঘটনায় এলাকায় ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ মো. আনিসুরজামান তপু।

শেখ মো. আনিসুরজামান তপু তাঁর ফেসবুক পোস্টে লেখেন, বোয়ালমারীর শেখর ইউনিয়নে সারের ডিলারশিপের জন্য তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলালকে দিয়ে ‘হেলাল ট্রেডার্স’ নামে আবেদন করিয়েছিলেন। কিন্তু ডিলারশিপ পেয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত মির্জা আব্বাস ওরফে মিলন।

ফেসবুক পোস্টে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন তোলেন, দলের দুর্দিনে এত ত্যাগ-তিতিক্ষা করার পরও তাঁদের কী লাভ হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের আপন ভাই মির্জা আব্বাস মিলন।

এদিকে, বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়নের জন্য নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের নাম, প্রতিষ্ঠান ও ঠিকানাসংবলিত একটি তালিকা পাওয়া গেছে। তালিকায় শেখর ইউনিয়নে মেসার্স এম এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মির্জা আব্বাস মিলনের নাম রয়েছে।

তালিকা অনুযায়ী, ঘোষপুর ইউনিয়নে মেসার্স নজরুল ট্রেডার্সের মো. নজরুল ইসলাম, সাতৈর ইউনিয়নে মেসার্স হালিম ট্রেডার্সের মো. মিজানুর রহমান, দাদপুর ইউনিয়নে মেসার্স খাদিজা এন্টারপ্রাইজের লুৎফর বিশ্বাস, বোয়ালমারী ইউনিয়নে মেসার্স আব্দুল আহাদ ট্রেডার্সের মো. হান্নান মিয়া, চতুল ইউনিয়নে জহর ইকবাল ট্রেডার্সের মো. জহর ইকবাল এবং পরমেশ্বরদী ইউনিয়নে মেসার্স মোল্লা ট্রেডার্সের আবুল কালাম মোল্লা ডিলার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

এ ছাড়া রূপাপাত ইউনিয়নে আবিদ ট্রেডার্সের আবুল কালাম মিঞা, ময়না ইউনিয়নে মেসার্স মনিরুল ট্রেডার্সের মো. মনিরুল ইসলাম এবং গুনবহা ইউনিয়নে কবির মিয়া এন্টারপ্রাইজের মো. কবির মিয়ার নাম রয়েছে।
তবে শেখর ইউনিয়নে সার ডিলার নিয়োগের প্রক্রিয়া, আবেদনকারীদের যোগ্যতা এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।




সর্বশেষ সর্বাধিক পঠিত