১,৩৩৮ দিন পর সাব্বিরের ব্যাটে সেঞ্চুরি

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম
দীর্ঘ দিন ধরে অফ-ফর্ম, জাতীয় দল থেকে বাদ পড়া এবং ঘরোয়া ক্রিকেটে রান খরায় ধুঁকতে থাকা সাব্বির রহমান ব্যাটে রান পেলেন। মিরপুরে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে খুলনা বিভাগের বিপক্ষে বহু কাঙ্ক্ষিত তিন অঙ্কের জাদুকরী সংখ্যার দেখা পেলেন রাজশাহীর এই ব্যাটার। সব মিলিয়ে যেকোনো ফরম্যাটে দীর্ঘ ১,৩৩৮ দিন পর সেঞ্চুরি খরা কাটালেন এই ডানহাতি ব্যাটার। সেঞ্চুরি পূর্ণ করার পরপরই তাই আবেগাপ্লুত সাব্বির মাঠের মধ্যেই সেজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

টি-টোয়েন্টি স্পেশালিস্ট বা হার্ডহিটার হিসেবে পরিচিত সাব্বির এদিন সম্পূর্ণ ভিন্ন এক রূপে আবির্ভূত হন। উইকেটের চারদিকের চেনা আগ্রাসী রূপ সামলে নিয়ে দলের প্রয়োজনে খেলেন অত্যন্ত ধৈর্যশীল এক ইনিংস। খুলনার বোলারদের সামলে ২০০টিরও বেশি বল খেলে তিনি তার প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি পূর্ণ করেন। সর্বশেষে ২০২৩ সালের ১৮ই মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে সিটি ক্লাবের বিপক্ষে (১১০* রান) সেঞ্চুরি করেছিলেন তিনি।  
 
আর প্রথম শ্রেণির ক্রিকেটের হিসাব কষলে সাব্বিরকে এই সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৭ বছর বা প্রায় ২,৬৪০ দিন। লংগার ভারশানে এর আগে তার সেঞ্চুরিটি ছিল ২০১৯ সালে কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের হয়ে একটি চার দিনের ম্যাচে।  
 
সাব্বিরের আজকের ২২১ বলে ১১৩ রানের ইনিংসে ৯ উইকেটে ৫০০ রান করে ম্যাচ ড্র করেছে রাজশাহী। প্রথম ইনিংসে ১১৯ রান করেছিল রাজশাহী। তার জবাবে খুলনা শেখ মেহেদী হাসানের সেঞ্চুরি ৪৮৪ রান করেছিল। 
 
 
 

 
সর্বশেষ সর্বাধিক পঠিত