মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে ড. সবুর খানের মতবিনিময়

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউ) শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার (১২ অক্টোবর) মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটি এআইইউর (বিএএসসিএ) উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা ড. মো. সবুর খানের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে পেশাগত উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে ধারণা লাভের সুযোগ পান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর দাতো আইআর. ড. মোহাম্মদ সালেহ বিন জাফর। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (এসবিএসএস) ভারপ্রাপ্ত ডিন মোহাম্মদ মোকলিস বিন আহমাদ ফুয়াদ।

মতবিনিময় সভায় নেতৃত্বের গুণাবলি বিকাশ, উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা, ব্যক্তিগত উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সুযোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনাকে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রস্তুত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় অভিজ্ঞ শিক্ষাবিদ ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগের গুরুত্ব তুলে ধরা হয়। বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের নিজ নিজ লক্ষ্য অর্জনে উৎসাহিত করার পাশাপাশি সমাজে ইতিবাচক অবদান রাখার বিষয়েও আলোচনা করা হয়।

এ ছাড়া বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সহযোগিতামূলক আন্তর্জাতিক শিক্ষার্থী কমিউনিটি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এ মতবিনিময়ের মধ্য দিয়ে শিক্ষা, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ড্যাফোডিল গ্রুপের অঙ্গীকারের বিষয়টি তুলে ধরেন ড. মো. সবুর খান।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত