রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের মোবাইল আর্থিক সেবা ‘রূপালীক্যাশ’-এর মাধ্যমে এখন থেকে অনলাইনে পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এ জন্য পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান এসএসএলকমার্জের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অনলাইন মার্চেন্ট পেমেন্ট সেবা চালু করেছে ব্যাংকটি। এর ফলে এসএসএলকমার্জের আওতাভুক্ত ১৭ হাজারের বেশি প্রতিষ্ঠানে রূপালীক্যাশের মাধ্যমে সহজে ও নিরাপদে অর্থ পরিশোধ করা যাবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং এসএসএলকমার্জের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আলম ইসহাক।
নতুন এ সেবার আওতায় গ্রাহকরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, অনলাইনে কেনাকাটার মূল্য, মোবাইল ফোনে রিচার্জ এবং বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ করতে পারবেন। এ উদ্যোগের ফলে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ার পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমবে এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
এসএসএলকমার্জের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, আড়ং, অঞ্জনস, আর্টিজান আউটফিটার্স, এপেক্স ফুটওয়্যার, এসিআই, আগোরা সুপারশপ, মনিপুর উচ্চ বিদ্যালয়, আসগর আলী হাসপাতাল, সহজ, বাংলাদেশ আই হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট, বিডিটিকিট, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, টেন মিনিট স্কুল, বারডেম জেনারেল হাসপাতাল, ডেলটা হাসপাতাল, নভোএয়ার, ইউএস-বাংলা এয়ারলাইন্স, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আস-সুন্নাহ ফাউন্ডেশন, বিদ্যানন্দ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন।
এ ছাড়া এ তালিকায় রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বিআইএএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স, ক্রিসেন্ট ফুটওয়্যার, ইউনিমার্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বিডিকম অনলাইন, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আবদুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল, এ এল খান হাই স্কুল, ৩৬০ একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যবসাপ্রতিষ্ঠান ও সেবাদাতা সংস্থা।
অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ ও মোহাম্মদ শাহেদুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা মো. অহিদুল ইসলাম সরকার এবং এসএসএলকমার্জের সাধারণ ব্যবস্থাপক ও ব্যাংকিং, আর্থিক সেবা ও বিমা বিভাগের প্রধান মহিউদ্দিন তৌফিক এবং ব্যবস্থাপক মো. তৌহিদ হাসান উপস্থিত ছিলেন।