দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানিয়েছেন দিল্লি হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার শুনানিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় দিল্লি পুলিশ। আদালত পুলিশের সেই আশ্বাস নথিভুক্ত করেছে। আজ শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তিরঙ্গা মিছিলের’ ডাক দিয়েছেন দীপকে। জাতীয় পতাকা হাতে সেখানে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সিজেপির সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচিটি বন্ধের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করেন পালিকা বাজারের লাইসেন্সধারী পথবিক্রেতা অনিল কুমার গুপ্ত। তার আশঙ্কা সেন্ট্রাল পার্কে প্রস্তাবিত জমায়েতের কারণে এলাকার ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হতে পারে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি সেখানে কর্মরত অন্যরাও সমস্যায় পড়তে পারেন। আইনি সংবাদমাধ্যম বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। শুনানির সময় আবেদনকারীর উদ্বেগ বিবেচনায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আদালতকে জানায় দিল্লি পুলিশ। পরিস্থিতি সামাল দিতে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেওয়া হয়। তবে বিক্ষোভ ঠেকাতে কোনো নিষেধাজ্ঞামূলক আদেশ দেয়নি আদালত। বিষয়টি পরবর্তী বিবেচনার জন্য ৩ নভেম্বর ধার্য করা হয়েছে।