পূজায় সিনেমা নিয়ে নতুন আশা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৬ এএম

বড় তারকা নেই, বিগ বাজেটের সিনেমাও নয়। তবুও গত কয়েক বছরে ঈদে সিনেমা মুক্তির চেনা রেওয়াজ বদলে এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একসঙ্গে মুক্তি পাচ্ছে তিন সিনেমা। আজ থেকে প্রেক্ষাগৃহে দর্শক উপভোগ করবেন ‘চিরকুট’, ‘কাট-পিস’ ও ‘স্নেহের বন্ধন’। নব্বইয়ের দশকের স্মৃতির ঘোর, ঝুট ব্যবসার ক্ষমতার লড়াই কিংবা পারিবারিক বন্ধন, তিন ভিন্ন ধাঁচের গল্প নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন নির্মাতারা।

মাল্টিপ্লেক্সকেন্দ্রিক দর্শক মাথায় রেখে ‘ফিল্ম ম্যানিয়া’র ব্যানারে মুক্তি পাচ্ছে মুনতাসির আকিব পরিচালিত সিনেমা ‘চিরকুট’। নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক সত্য ঘটনা অবলম্বনে গড়ে উঠেছে এর গল্প। চিঠির যুগ, তারুণ্যের উচ্ছ্বাস ও প্রেমের আবেগে ঘেরা এ ছবিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা আহমেদ ও আবদুল্লাহ আল সেন্টু। ছবিতে ক্যাম্পাসের প্রায় ৩০০ শিক্ষার্থীও অংশ নিয়েছেন। টিজার-ট্রেলার এবং রেহান রাসুলের ‘প্রেমে গেলাম ডুবে’ গানটি ইতিমধ্যে দর্শকমহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।

ক্রাইম-ড্রামা ঘরানার ছবি ‘কাট-পিস’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটছে রাফাহ নানজিবা তোরসার। এটি পরিচালনা ও প্রযোজনা করেছেন ইফফাত জাহান মম। পোশাকশিল্পের ঝুট ব্যবসা, অর্থের লোভ ও ক্ষমতার লড়াইয়ের নেপথ্য গল্প উঠে এসেছে ‘ব্ল্যাক পেপার ফিল্মস’-এর এই আয়োজনে। এতে তোরসার বিপরীতে আছেন নবাগত সিফাত আমিন শুভ। এছাড়াও রয়েছেন এলিনা শাম্মী ও ইমরান আহমেদ সওদাগর। স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসসহ দেশের ২৫টিরও বেশি প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।

অন্যদিকে, পারিবারিক সম্পর্কের টানাপড়েন ও সামাজিক বাস্তবতার গল্প নিয়ে কামরুজ্জামান নির্মাণ করেছেন ‘স্নেহের বন্ধন’। সত্য ঘটনায় অনুপ্রাণিত এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জয় চৌধুরী ও মৌ খান। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কাজী হায়াৎ। এক নারীর লড়াই ও পারিবারিক মূল্যবোধ-কেন্দ্রিক গল্প নিয়ে ছবিটি সব শ্রেণির দর্শককে ছুঁয়ে যাবে বলে আশা শিল্পীদের। এখন প্রশ্ন একটাই, পূজার ছুটিতে মুক্তি পাওয়া এই তিন সিনেমা কি পারবে প্রেক্ষাগৃহে দর্শক টানতে?

সর্বশেষ সর্বাধিক পঠিত