বগুড়া শহরের নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মমতা (৩৩) নামর এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মমতা বগুড়া জেলার ধুনট উপজেলার ছোট চাপড়া এলাকার মোখলেছার রহমানের মেয়ে। দুর্ঘটনার পরে তাঁর মরদেহ রেললাইন থেকে সরানোর আগেই এর ওপর দিয়ে চলে যায় আরেকটি ট্রেন। এতে মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় মমতা (৩৩) নামে ধুনট উপজেলার এক নারীর মৃত্যু হয়। প্রথমে তার পরিচয় শনাক্ত করা যায়নি, পরে দুপুরের দিকে তার পরিচয় শনাক্ত করেন স্বজনরা।
প্রথম ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হওয়ার পর মরদেহটি রেললাইন থেকে সরানোর আগেই আরেকটি ট্রেন সেটির ওপর দিয়ে চলে যায়, এতে মরদেহ ছিহ্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে বলে জানান তিনি।