সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে আজ শনিবার (১৭ অক্টোবর) দেশে ফিরেছেন।
সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশগ্রহণ করেন। এ সময় তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়টির সঙ্গে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি )-এর শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং একাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউ এস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ অংশগ্রহণ করেন।
সফরকালে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ ছাড়া তিনি উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক (ইউএসএআরপ্যাক))-এর বিদ্যমান পেশাগত সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।