সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে সৌদি আরবের দাম্মামগামী ফ্লাইটগুলো আগামী ২১ অক্টোবর থেকে পুনরায় চালুর পরিকল্পনা করছে বিমান। এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি পেতে হবে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তী সিদ্ধান্ত যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
এদিকে বিমানের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো যথারীতি চালু রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এই দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে অধিক যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করছে বিমান। এ ব্যবস্থা ১৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। ১৯ অক্টোবর থেকে এই রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। এ ছাড়া জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, সংশ্লিষ্ট রুটগুলোর ফ্লাইট পরিচালনা ও সময়সূচি নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।