জমি বিরোধে ভাতিজার কোদালের কোপে চাচার মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার কোদালের আঘাতে আবুল কালাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাবি হাফিজা খাতুন ও ভাতিজা কামরুল হাসান গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকালে বেলকুচি উপজেলার ভাঙাবাড়ী ইউনিয়নের উত্তর চন্দনগাঁতি গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে নিহতের স্বজন ও থানা পুলিশ সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আবুল কালাম ওই গ্রামের মৃত গনি শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আবুল কালামের সঙ্গে তার চাচাতো ভাই মান্নান শেখের বিরোধ চলছিল। এর আগে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে সামাজিকভাবে বিরোধটি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে আবুল কালামের মালিকানাধীন শালবাগানের গাছ কাটতে যান মান্নান শেখ, তার ছেলে আরিফসহ পরিবারের অন্য সদস্যরা। খবর পেয়ে আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে তার ভাতিজা আরিফ হাতে থাকা কোদাল দিয়ে তার মাথায় সজোরে আঘাত করেন।

এ সময় আবুল কালামকে রক্ষা করতে তার ভাবি হাফিজা খাতুন ও ভাতিজা কামরুল হাসান এগিয়ে এলে তাদের ওপরও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং তারা গুরুতর আহত হন। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম মারা যান।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের ভাই বদিউজ্জামান বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর অভিযান চালিয়ে নিহতের চাচাতো ভাই মান্নান শেখ ও তার বেয়াইনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত