পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার মো. ইয়াকুবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কাগজীপাড়া এলাকায় পিডিবির বিদ্যুৎ সরবরাহ লাইনের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। এ সময় অসাবধানতাবশত ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ইমন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যুবদল নেতা মামুনুর রশীদ জানান, বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে পিডিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তবে বিদ্যুৎ সংযোগ চালু থাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, ঘটনার সময় পিডিবির কর্মচারীরা উপস্থিত থাকলেও সময়মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হালিমা জানান, ইমনকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

তবে পটিয়া পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউন্নবী বলেন, পিডিবি কর্তৃপক্ষকে না জানিয়ে গাছের ডালপালা কাটার কারণে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ঘটনার পরপরই পিডিবির কর্মীরা সেখানে ছুটে যান। এ সময় ইমন সচল বিদ্যুৎ লাইনের তার স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

অন্যদিকে, নিহতের প্রতিবেশী মো. মহিউদ্দিনের অভিযোগ, বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার পরপরই পিডিবি কর্তৃপক্ষকে জানানো হলেও সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত