ভুয়া মেসেজে সতর্ক করবে জেমিনাই

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩১ এএম

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাইবার প্রতারণা ও স্ক্যাম থেকে সুরক্ষায় একগুচ্ছ নতুন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত নিরাপত্তা ফিচার চালুর ঘোষণা দিয়েছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। এর অংশ হিসেবে ‘গুগল মেসেজেস’ অ্যাপে যোগ হচ্ছে ‘স্ক্যাম ডিটেকশন’ অপশন, যা গুগলের জেমিনাই এআইয়ের মাধ্যমে যে কোনো সন্দেহজনক মেসেজের আসল উদ্দেশ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীদের সতর্ক করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

গুগল বলেছে, মেসেজেস অ্যাপের নতুন অপশনটি চালু বা ‘টগল অন’ করলে জেমিনাইয়ের উন্নত বিভিন্ন মডেল স্বয়ংক্রিয়ভাবে মেসেজের ধরন পরীক্ষা শুরু করবে। প্রেরক কোনো প্রতারক কি না বা মেসেজটির পেছনে কোনো ক্ষতিকর উদ্দেশ্য আছে কি না তা বের করে এটা ব্যবহারকারীকে দ্রুত সতর্কবার্তা পাঠাবে।

মেসেজের প্রাইভেসি রক্ষায় গুগল বলেছে, অ্যান্ড্রয়েড এসব মেসেজ ‘প্রাইভেট এআই কম্পিউট’-এর মাধ্যমে সম্পূর্ণ এনক্রিপ্ট করে সুরক্ষিত জায়গায় প্রসেস করে। ফলে গুগল বা অন্য কেউ কোনোভাবেই ব্যবহারকারীর ব্যক্তিগত এসব মেসেজ দেখতে বা পড়তে পারবে না।

এ ছাড়া, মেসেজে আসা কোনো লিংকে ট্যাপ করার আগেই এটা নিরাপদ কি না তা অন-ডিভাইস প্রযুক্তির মাধ্যমে মেসেজেস অ্যাপেই পরখ করে দেখবে ‘জেমিনাই ন্যানো’। নতুন পিক্সেল ডিভাইসসহ স্যামসাং গ্যালাক্সি সিরিজের নির্বাচিত কিছু ফ্ল্যাগশিপ মডেলে প্রথমে এই সুবিধা পাওয়া যাবে। ফিচারটি বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে অনর, মোটোরোলা, অপো, ওয়ানপ্লাস, রিয়েলমি, ভিভো ও শাওমির মতো শীর্ষস্থানীয় মোবাইল ফোন নির্মাতার সঙ্গে চুক্তি করেছে গুগল।

সর্বশেষ সর্বাধিক পঠিত