মতলবে পূজামণ্ডপ পরিদর্শনে যুবদল নেতা জিয়া

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সহসভাপতি জিয়াউর রহমান জিয়া। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

জিয়াউর রহমান জিয়া বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি নিয়ে একসঙ্গে বসবাস করে আসছে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’-এই চেতনাকে ধারণ করেই সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসারও গুরুত্বপূর্ণ উপলক্ষ।

তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। ধর্মীয় উৎসব উদ্‌যাপনে সবার নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করা সম্মিলিত দায়িত্ব। কোনো ধর্মের মানুষ যেন নিজেদের সংখ্যালঘু বা অসহায় মনে না করেন, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা সম্পর্কে সচেতন থাকতে হবে।

যুবদলের এই নেতা আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে যে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে, তা সবার জন্য আনন্দের। প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা প্রয়োজন, যাতে সবাই নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব ধর্মের মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার পক্ষে। একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে ধর্ম-বর্ণনির্বিশেষে সবার অংশগ্রহণ প্রয়োজন। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বৈষম্য বা হয়রানির শিকার না হন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের মধ্য দিয়েই সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

পরিদর্শনকালে জিয়াউর রহমান জিয়া পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। এ সময় তিনি উৎসবকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি বজায় রাখা, একে অপরের পাশে দাঁড়ানো এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরন, মতলব উত্তর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদজামান টিপু, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকার, সামাজিক ব্যক্তিত্ব মাহমুদ হাসান জুয়েল প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত