চাঁদপুরের মতলব উত্তর উপজেলীয় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গানসহ মো.ফরহাদ হোসেন নামের এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) উপজেলা চর ওয়েস্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফরহাদ হোসেন (৩৮) ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।
পুলিশ জানায়, গোপন খবর পেয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল চর ওয়েস্টার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ফরহাদ হোসেনকে আটক করা হয় এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান) জব্দ করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।