দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা আর্থ্রাইটিসের কারণ

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএম

সংসারের নানা কাজের কারণে দিনের একটা বড় সময় রান্নাঘরেই কাটে অনেক নারীর। কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করার পর হাঁটুতে ব্যথা, কোমরে অস্বস্তি কিংবা পায়ে টান ধরলেও অনেকেই বিষয়টিকে সাধারণ ক্লান্তি বলে এড়িয়ে যান। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা একা আর্থ্রাইটিসের কারণ না হলেও, তা আগে থেকে থাকা জয়েন্টের সমস্যা বাড়িয়ে দিতে পারে কয়েকগুণ।

দীর্ঘক্ষণ বিরতি ছাড়া দাঁড়িয়ে কাজ করলে হাঁটু ও কোমরের পেশিতে চাপ পড়তে পারে। তার সঙ্গে বারবার ঝুঁকে সবজি কাটা, সিঙ্কে বাসন মাজা, নিচু তাক থেকে জিনিস তোলা এবং ভারী পাত্র ওঠানো-নামানোর মতো কাজ যুক্ত হলে অস্বস্তি আরও বাড়তে পারে। একটানা একই ধরনের কাজ করার ফলে হাঁটু ও কোমরের পেশি ক্লান্ত হয়ে পড়তে পারে। যাদের আগে থেকেই অস্টিওআর্থ্রাইটিস বা অন্য কোনো জয়েন্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে ব্যথা ও অস্বস্তি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়া বয়স, বংশগত প্রবণতা, অতীতের আঘাত এবং স্থূলতার মতো একাধিক কারণ অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকির সঙ্গে যুক্ত।

যা করবেন

একটানা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থেকে প্রতি ৩০-৪০ মিনিট পর অল্প সময়ের জন্য বিশ্রাম নিন। সম্ভব হলে কিছুক্ষণ বসে কাজ করুন। সবজি কাটা বা অন্যান্য ছোটখাটো কাজের জন্য টুল ব্যবহার করতে পারেন। এতে একটানা দাঁড়িয়ে থাকার চাপ কমবে। রান্নাঘরে কাজ করার সময় ভালো সাপোর্ট দেয় এমন জুতো ব্যবহার করুন। শক্ত ও পিচ্ছিল মেঝেতে দীর্ঘক্ষণ খালি পায়ে দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন। রান্নার প্রয়োজনীয় জিনিসপত্র কোমরের কাছাকাছি উচ্চতায় রাখুন। ভারী হাঁড়ি তোলার সময় শরীরের কাছাকাছি ধরে তুলুন এবং কোমর অতিরিক্ত বাঁকিয়ে কাজ করবেন না। উরু, নিতম্ব ও পেটের পেশি মজবুত রাখার ব্যায়াম হাঁটু ও কোমরের সাপোর্ট বাড়াতে সাহায্য করতে পারে। নিজের শারীরিক ক্ষমতা অনুযায়ী ব্যায়াম বেছে নিন। সিঁড়ি দিয়ে ওঠানামার সময় হাঁটুতে ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া, দীর্ঘস্থায়ী শক্তভাব কিংবা দৈনন্দিন কাজে বাধা সৃষ্টি করা ব্যথাকে অবহেলা করবেন না। ব্যথা তীব্র হলে, হাঁটুতে অতিরিক্ত ফোলা ভাব দেখা দিলে বা ভর দিয়ে দাঁড়াতে সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সর্বশেষ সর্বাধিক পঠিত