ওয়ান্ডারার্সের জালে ৪ গোলে টানা ৪ জয় মোহামেডানের 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পিএম

বাংলাদেশ ফুটবল লিগে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ ঢাকা ওয়ান্ডারার্সকে পাত্তায়ই দেয়নি সাদা-কালো শিবির। প্রতিপক্ষের জালে এক হালি গোল জড়িয়ে ৪-০ ব্যবধানের সহজ জয় তুলে নিয়েছে তারা।

এই দুর্দান্ত জয়ের সুবাদে লিগে এবারের আসরের নিজেদের খেলা প্রথম চার ম্যাচের প্রতিটিতেই জয় তুলে নিয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে নিজেদের অবস্থান আরও শক্ত করল মোহামেডান। আর আরেক ম্যাচ পিডব্লিউডিকে ১-০ গোলে হারিয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ পুলিশ। এছাড়া দিনের আরেক ম্যাচে ১০ জনের আরামবাগকে ৪-০ গোলে হারিয়েছে সিটি ক্লাব। 

মুন্সিগঞ্জে ম্যাচের শুরু থেকেই ওয়ান্ডারার্সের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে মোহামেডান। তবে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ২৯ মিনিট পর্যন্ত। সুলেমান দিয়াবাতের বাড়ানো থ্রু পাস ধরে অফসাইডের ফাঁদ ভেঙে চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন শাহরিয়ার ইমন। প্রথম অর্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মোহামেডান।

এদিকে এই ম্যাচের কিছুক্ষণ আগেই বাফুফে প্রকাশিত আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ সদস্যের বাংলাদেশ প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন এই শাহরিয়ার ইমন। তবে জাতীয় দল থেকে বাদ পড়ার সেই হতাশা মাঠে বিন্দুমাত্র প্রভাব ফেলতে দেননি তিনি। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়ে পুরো ম্যাচজুড়ে সেরা পারফর্মার ছিলেন এই তরুণ ফরোয়ার্ড।

বিরতির পর পাঁচ মিনিটের তাণ্ডবে ওয়ান্ডারার্সকে একপ্রকার ম্যাচ থেকেই ছিটকে দেয় মোহামেডান। ৫২ মিনিটে ইমনের বাড়ানো আড়াআড়ি ক্রসে পা ছুঁইয়ে ব্যবধান ২-০ করেন মালির ফরোয়ার্ড দিয়াবাতে। চার মিনিট পর আবারও গোল; এবার মোজাফফরভের শটে বল জালে জড়ায়, যেখানেও গোলের উৎস ছিলেন সেই দিয়াবাতে। 

৩-০ গোলে এগিয়ে মোহামেডানের আক্রমণের ধার কমেনি। ৮৬ মিনিটে ইমনের সাজানো আক্রমণ ঠিকঠাক ক্লিয়ার করতে ব্যর্থ হয় ওয়ান্ডারার্স রক্ষণ, আর সেই সুযোগে চতুর্থ গোলটি করে মোহামেডানের ‘চারে চার’ নিশ্চিত করেন আরিফ হোসেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত