স্রষ্টার প্রেম, মানবিকতা ও আত্মিক চেতনার পাশাপাশি বিশ্বভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘চ্যারিটি গজল সন্ধ্যা’। আহ্ছানউল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকার সোবহানবাগের গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে গজল পরিবেশন করেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদের সন্তান হুমায়রা বশির ও রাজা বশির।
আয়োজকদের মূল লক্ষ্য ছিল সংগীতের মাধ্যমে স্রষ্টার প্রতি প্রেম, মানবিক মূল্যবোধ, সৌন্দর্যবোধ ও আত্মিক চেতনাকে জাগ্রত করা। পাশাপাশি মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাও ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
মহান শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও মানবতাবাদী খানবাহাদুর আহ্ছানউল্লাহ (রহ.)-এর জীবনদর্শন ও মানবকল্যাণের আদর্শ ধারণ করে আহ্ছানউল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটি সর্বজনীন মানবতা ও বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কাছে এ আদর্শ তুলে ধরার প্রয়াস হিসেবেই আয়োজন করা হয় এ গজল সন্ধ্যার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা গজল উপভোগের পাশাপাশি মানবিক মূল্যবোধ, আত্মিক উন্নয়ন ও সর্বজনীন ভ্রাতৃত্বের গুরুত্ব নিয়ে ভাববিনিময় করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি, শান্তি ও মানবিকতার চেতনা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
আহ্ছানউল্লাহ সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটি বিশ্বাস করে, মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও মানবিক বিশ্ব গড়ে তোলা সম্ভব।