নওগাঁয় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১১ পিএম

নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে স্টেশনের ব্রিজের দক্ষিণ পাশে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী সুব্রত কুমার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বেলা ২টা ৪৫ মিনিটের দিকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় স্টেশনের দক্ষিণ পাশে ব্রিজের কাছে রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় ওই নারী লাইনের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত নারীর কাছে থাকা একটি ব্যাগে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কিছু কাগজপত্র পাওয়া গেছে। তবে সেসব কাগজপত্র থেকে তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ নিহত নারীর মরদেহ থানায় নিয়ে যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত