ধানখেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা রহমাতুল্লাহ (৩৭) নামে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে মোটরের সাহায্যে ধানখেতে পানি দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহমাতুল্লাহ আনুলিয়া মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসায় আরবি বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রতাপনগর গ্রামের সুলতান আহমেদ ময়রার একমাত্র ছেলে।

পরিবারের বরাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আছিয়া খাতুন জানান, শনিবার বিকেলে নিজ বাড়িতে মোটরের মাধ্যমে ধানখেতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রহমাতুল্লাহ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি মা-বাবা, দুই স্ত্রী ও দুই ছেলেসন্তান রেখে গেছেন।

রবিবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান জানান, প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা রহমাতুল্লাহর মৃত্যুর ঘটনায় পুলিশ তাৎক্ষণিক সুরতহাল সম্পন্ন করেছে। ময়নাতদন্তসহ অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত