বাংলাদেশের ব্যান্ড সংগীতের আলোকিত এক এক নাম ফিডব্যাক। ‘মৌসুমী’, ‘মেলা’, ‘চিঠি’, ‘ময়ূরী আকাশ’, ‘ফিরে এসো’ কিংবা ‘মাঝি’- এমন অসংখ্য গানের মধ্য দিয়ে কয়েক প্রজন্মের শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছে দলটি। চলতি মাসেই প্রতিষ্ঠার ৫০ বছরে পা রেখেছে ফিডব্যাক। ১৯৭৭ সালের অক্টোবর মাসে যাত্রা শুরু করা এই দলটি সুবর্ণজয়ন্তী পূর্তি উপলক্ষে বছরজুড়ে নানা পরিকল্পনার উদ্যোগ নিয়েছে। তারমধ্যে রয়েছে নতুন একগুচ্ছ গান শ্রোতাদের উপহার দেয়াও একাধিক কনসার্ট। তবে সবচেয়ে বড় আয়োজন হবে আগামী বছরের অক্টোবর মাসে। ওই সময় দেশের সকল ব্যান্ডদল ও তারকারা একমঞ্চে হাজির করে মহা মিলনমেলায় পরিণত করা হবে।
শনিবার (২৪ অক্টোবর) বিকালে ডেইলি স্টারের এ এস মাহমুদ সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। ‘ফিডব্যাক: ৫০ নট আউট’ শিরোনামের এই সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা ও দলনেতা ফোয়াদ নাসের বাবু বলেন, দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে শ্রোতাদের কাছে তাদের গান পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দীর্ঘ সংগীতযাত্রাকে স্মরণীয় করে রাখতে নতুন ও পুরোনো গানের মেলবন্ধনে সাজানো হচ্ছে সুবর্ণজয়ন্তীর আয়োজন। সুবর্ণজয়ন্তী উপলক্ষে নতুন অ্যালবাম প্রকাশ, পুরোনো জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন এবং ব্যান্ডের ইতিহাস নিয়ে তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের। এর মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছর পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছি।
তিনি আরও জানান, সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফিডব্যাকের দীর্ঘ সংগীতজীবন নিয়ে প্রায় ২৫ মিনিটের একটি তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এতে ব্যান্ডটির সাবেক ও বর্তমান সদস্যদের অভিজ্ঞতা, স্মৃতিচারণ এবং সংগীতজীবনের উল্লেখযোগ্য অধ্যায় তুলে ধরা হবে। আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হবে চট্টগ্রামে কনসার্টের মধ্য দিয়ে। এরপর দেশের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির। সবশেষে ২০২৭ সালের অক্টোবরে ঢাকায় সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে বছরব্যাপী এই উদযাপন।
ফোয়াদ নাসের বাবু ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাবু রহমান, দলটির প্রথম ম্যানেজার হাফিজুর রহমান, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, গোলাম মোর্শেদ, সংগীতশিল্পী রফিকুল আলম, বামবার সভাপতি হামিন আহমেদ, পেন্টাগন ব্যান্ডের সুমন, রেনেসাঁ ব্যান্ডের পিলু খান অবসকিউর ব্যান্ডের টিপু । এছাড়াও মার্চেন্ডাইজ পার্টনার অঞ্জনসের কর্ণধার শাহীন আহমেদ, ইউনিভার্সাল মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিষ চক্রবর্তীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ভারত যাচ্ছে সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’
বামবায় নতুন ২৭ ব্যান্ডদল
এবার মাঠে নামছে নতুন ব্যান্ড ‘এবি কিং’