রাঙামাটি শহরে কোতোয়ালী থানা-পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাদক কারবারের অভিযোগে চারজন রয়েছেন।
এছাড়া আটক দুই কিশোরকে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারের অভিযোগে জুয়েল (৪২), মো. কাজল (৪৫), আতিকুর রহমান (২৮) ও কাঞ্চন দে (৩৬)-কে আটক করা হয়। রাস্তায় বেসামাল অবস্থায় জনবিরক্তি সৃষ্টির অভিযোগে প্রসেনজিৎ চাকমা (২৫) ও রিমন চাকমাকে (২২) আটক করা হয়েছে।
এছাড়া অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে মোহাম্মদ ইয়াছিন (৪৮), মো. নেয়ামত উল্লাহ (২৪) ও শিমুলকে (২৪) আটক করে পুলিশ। নারী নির্যাতন মামলার আসামি হিসেবে জাকির হোসেন (৩০) নামে আরও একজনকে আটক করা হয়।
অভিযানের সময় সন্দেহজনক অবস্থায় শুভ বড়ুয়া (১৭) ও মো. মারুফ হোসেন (১৭) নামে দুই কিশোরকেও আটক করা হয়। পরে তাদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এরপর মুচলেকা নিয়ে তাদের বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।