বয়স ছুঁইছুঁই ৪৫, আগামী আইপিএল আসতে আসতে পূর্ণ হবে ৪৬ বছর। তার ওপর চোটের কারণে পুরো ২০২৬ মৌসুমটাই খেলতে পারেননি। তবুও আইপিএলের বিষয় এলেই ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটেও ঐ একই প্রশ্ন, আগামী মৌসুমে কি আবারও উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে?
আইপিএলের আরও একটি মৌসুম সামনে রেখে সেই কৌতুহলের জবাব দিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা জানিয়ে দিলেন চেন্নাই সুপার কিংসের এই কিংবদন্তি অধিনায়ক।
সম্প্রতি বেঙ্গালুরুতে আয়োজিত একটি স্বাস্থ্যসেবা বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের চোট ও আইপিএলে ফেরা নিয়ে জানান ধোনি। ইনজুরির কারণে গত মৌসুমে মাঠের বাইরে থাকা এই তারকাকে যখন প্রশ্ন করা হয় তিনি কি আরেকটি মৌসুম খেলার চেষ্টা করবেন কিনা, তখন বরাবরের মতোই নিজের রসবোধ বজায় রেখে বেঙ্গালুরুর সেই অনুষ্ঠানে চিকিৎসকদের দিকে ইঙ্গিত করে হাসতে হাসতে ধোনি বলেন, ‘ডাক্তার সাহেব, আমাকে তো প্রথমে ফিটনেস টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। আপনারা আমাকে রিপোর্ট দেবেন, আর তারপর আগামী ডিসেম্বরের আগেই আমাকে দেখতে হবে যে আরেকটি মৌসুম খেলার জন্য আমি কতটা শক্ত বা প্রস্তুত আছি।’
শারীরিক সামর্থ্যের তুলনা টেনে নিজের শরীরকে পুরোনো একটি গাড়ির সঙ্গে তুলনা করে চেন্নাইয়ের 'থালা' আরও যোগ করেন, ‘আর যদি আমি খেলার মতো অবস্থায় না থাকি, তবে আপনাদের নিশ্চিত করতে হবে যেন আমার চিকিৎসা ঠিকঠাক হয় এবং এই পুরোনো ভিনটেজ গাড়িটা যাতে রাস্তায় দারুণভাবে চলতে পারে। সুতরাং সমস্ত চাপ এখন তাদের ওপরই!’
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল এই ব্যাটার ও অধিনায়কের ঝুলিতে রয়েছে ২৭৮ ম্যাচে ৩৮.৩০ গড়ে ৫,৪৩৯ রান এবং ২৪টি ফিফটির ইনিংস। অধিনায়ক হিসেবে চেন্নাই-কে এনে দিয়েছেন রেকর্ড পাঁচটি আইপিএল শিরোপা এবং দুটি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি ট্রফি।
তবে সাম্প্রতিক বছরগুলোতে তার ভূমিকা বদলে গিয়েছিল মূলত শেষ ওভারগুলোতে নেমে দ্রুত কিছু ছক্কা হাঁকিয়ে গ্যালারি মাতানোর মধ্যে। ২০২৪ সাল থেকে ঋতুরাজ গায়কোয়াডের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়ার পর গত দুটি মৌসুমে চেন্নাইয়ের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক, ২০২৫ সালে তলানিতে এবং ২০২৬ মৌসুমে অষ্টম স্থানে থেকে আসর শেষ করে দলটি।
মরিনহোর সঙ্গে ফ্লিকের ‘গোপন’ সাক্ষাৎ