মঞ্চে দর্শকের বাড়িয়ে দেওয়া ইসরাইলের পতাকা কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেললেন, এরপর পা দিয়ে মাড়িয়ে দিলেন কলম্বিয়ার জনপ্রিয় র্যাপার চেলো হপ। শুধু তাই নয়, মাইক্রোফোনে স্লোগান দিলেন ‘পালেস্তিনা লিব্রে’—অর্থাৎ, মুক্ত হোক ফিলিস্তিন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের এই ঘটনায় অনেকে তার প্রশংসা করলেও, ইসরাইলের পক্ষ থেকে এসেছে নিন্দা।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ অক্টোবর কলম্বিয়ার রাজধানী বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে আয়োজিত ‘হিপ হপ আল পারকে’ সংগীত উৎসবে পারফর্ম করছিলেন চেলো হপ। অনুষ্ঠান চলার একপর্যায়ে দর্শকসারি থেকে এক ব্যক্তি মঞ্চে উঠে তার দিকে ইসরাইলের জাতীয় পতাকা এগিয়ে দেন। পতাকাটি দেখেই প্রতিক্রিয়া জানান এই র্যাপার। ওই ব্যক্তির হাত থেকে পতাকাটি কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলেন তিনি। এরপর পা দিয়ে মাড়ানোর পাশাপাশি লাথি মেরে মঞ্চের একপাশে সরিয়ে দেন সেটি। একই সময়ে মাইক্রোফোনে স্প্যানিশ ভাষায় ‘পালেস্তিনা লিব্রে’ স্লোগান দেন চেলো।
জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজ ও ভারতের দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে ঘটনাটির বিস্তারিত উঠে এসেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফিলিস্তিনপন্থি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে চেলোর পদক্ষেপের প্রশংসা করেন। তাদের কেউ কেউ একে ‘ন্যায়সংগত ঘৃণা প্রকাশ’ হিসেবেও বর্ণনা করেছেন। রাজনৈতিক সচেতনতা, প্রতিরোধ আন্দোলন ও অধিকার আদায়ের বিষয় নিয়ে গান করার জন্য পরিচিত চেলো হপ। ঘটনার দিন উৎসবের মঞ্চে নিজের আলোচিত ‘অ্যানাতোমিয়া’ গানটিও পরিবেশন করছিলেন তিনি। গানটিতে শোষণের বিরুদ্ধে লড়াই ও প্রতিরোধের নানা দিক উঠে এসেছে। তবে পতাকা নিয়ে চেলোর এই আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কলম্বিয়ায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত। মঞ্চে একটি জাতীয় পতাকা অবমাননার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানিয়েছেন।ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।