‘দিন গেল’, ‘রাত নির্ঘুম’-এর মতো বেশ কিছু শ্রোতাপ্রিয় গানের গীতিকবি সাকী আহমদের জন্মদিন আজ। বুধবার (১৮ অক্টোবর) ৪১-এ পা রাখলেন তিনি। জন্মেছিলেন ১৯৮৩ সালের এই দিনে।
দুই দশকের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে জড়িত সাকী। শুরুটা অবশ্য স্কুল জীবন থেকে। একসময় ছড়া লিখেছেন। পাতা ভরিয়েছেন পত্রিকায়। তারপর গানে ঝুঁকে পড়া। দুই শতাধিক গান লিখেছেন তিনি। রয়েছে বিজ্ঞাপনও। শূন্য দশকের এই গীতিকবির লেখা গানে সুর-মিউজিক দিয়েছেন হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির, জুয়েল-বাবু, সুমন কল্যাণের মতো সঙ্গীত পরিচালকরা।
দেশের শীর্ষস্থানীয় গায়করা তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে রয়েছে জেমসের ‘বড় অচেনা’, খালিদের ‘মেঘলা ভালোবাসা’, মেহরীনের ‘মন অভিলাষী’, মাকসুদের ‘কন্যারাশি’, বালামের ‘ভাবিনি কখনও’, বাপ্পা মজুমদারের ‘১৪ ফেব্রুয়ারি’, মিজানের ‘১৬ গুটি’, আরেফিন রুমীর ‘কতোটা মেঘ হলে’, শিরীনের ‘ধীরে চলো নদী’ ইত্যাদি।
অবশ্য হাবিব ওয়াহিদের সঙ্গে তার জুটি বাংলা গানের শ্রোতাদের বিশেষ কিছু দিয়েছে। আলাদা করে বললে পপ সিনে। তাদের ‘কাটে না মায়াবী রাত’, ‘আহ্বান’, ‘মন মুনিয়া’, ‘পরাণপাখি’, ‘জাদু’, ‘প্রজাপতি’, ‘এলোমেলো মন’, ‘এই সময়’, ‘লুকোচুরি’-এর মতো গানগুলো এখনও শ্রোতাপ্রিয়।
গান-বিজ্ঞাপন ছাড়াও দুটো বই লিখেছেন সাকী। প্রথমটি ‘দিন গেল তোমার পথ চাহিয়া’। প্রকাশিত হয়েছিল ২০২২ সালে। দ্বিতীয়টি ‘ছোটদের বই’। প্রকাশিত হয় ২০২৩ সালে। দুটো বইয়েরই প্রকাশক আজব প্রকাশ।
