নাহিদ ইসলাম বললেন

সরকারের সমালোচনা করলেই স্বৈরাচারী কায়দায় গ্রেপ্তার

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ এএম

সামাজিক মাধ্যমে সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী কায়দায় গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ধরনের গ্রেপ্তার মানুষের কথা বলার অধিকারকে বাধাগ্রস্ত করছে।

গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুরে দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, দেশে গ্যাস ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে আগামী রমজানে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও  পোশাক শ্রমিকসহ বেসরকারি খাতের কর্মীদের বেতন বাড়ানো হয়নি।

শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব  পেশার মানুষের বেতন-ভাতার মধ্যে সমন্বয় করা প্রয়োজন। সরকারের প্রতি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।

সভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত