১১ দলীয় ঐক্য নিয়ে কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের ফাঁদে পা দেবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, জনগণের অধিকার আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মামুনুল হক বলেন, রাষ্ট্র সংস্কার, আধিপত্যবাদ মোকাবিলা এবং ফ্যাসিবাদের পথ রুদ্ধ করার লড়াইয়ে ১১ দল ঐক্যবদ্ধ রয়েছে। এ ঐক্যের পরিসর আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের ঘোষণা দিয়ে তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও শাপলা গণহত্যাসহ সব হত্যাকা-ের বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরু হবে। বিভিন্ন স্থানে কর্মসূচি শেষে তা কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে।
স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়ে উদ্বেগ জানিয়ে মামুনুল হক বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। ভোটাধিকার প্রতিষ্ঠার প্রশ্নে ব্যত্যয় ঘটলে ১১ দলীয় ঐক্য নীরব থাকবে না। প্রয়োজনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড় কর্মসূচি দেওয়া হবে।