ফরিদপুর শহরতলীর গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামে ট্রেনে কাটা পড়ে স্বপন রায় নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কাফুরা গোরস্থান রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন রায় মৃত কার্তিক চন্দ্র রায়ের ছোট ছেলে। তিনি কাফুরা গ্রামের স্থানীয় বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন কাফুরা গোরস্থান রেলগেট এলাকায় পৌঁছালে স্বপন রায় ট্রেনে কাটা পড়েন। এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
খবর পেয়ে আশপাশের এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানান।
নিহত স্বপন রায়ের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। বড় মেয়ের স্বর্ণা রায় কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ছোট মেয়ে বৈশাখী রায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।