এশিয়ান কাপ আর্চারি থেকে বাংলাদেশকে প্রথম সোনা এনে দিলেন মেয়েরা।
দুপুরে ইরাকের সুলেইমানিয়ায় চলমান ওয়ার্ল্ড স্টেজ-টু টুর্নামেন্টের কম্পাউন্ডের ফাইনালে কাজাখস্তানের তীরন্দাজদের ২৩০-২২০ পয়েন্টে হারান বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি-রা।
বাংলাদেশের আর্চাররা এই আসরের ৬টি ইভেন্টের ফাইনালে উঠেছে। এর মধ্যে আজ তিনটির ফাইনাল হচ্ছে। দিনের শুরুতে পুরুষদের কম্পাউন্ড দলীয় ইভেন্টের ফাইনালে বাংলাদেশ কাজাখস্তানের তীরন্দাজদের কাছে ২২৪-২৩০ পয়েন্টে হেরে যায়। বাংলাদেশ দলের হয়ে ফাইনালে অংশ নেন হিমু বাছাড়, তরিকুল ইসলাম ও নওয়াজ আহমেদ রাকিব।
মেয়েদের কম্পাউন্ডের ফাইনালে শুরু থেকেই আত্মবিশ্বাসী ও ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করে বন্যা-শ্রীপর্না-মনিরা। চারটি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দলের মোট স্কোর দাঁড়ায় ২৩০। অন্যদিকে, কাজাখস্তান দল চারটি এন্ডে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট অর্জন করে মোট ২২০ পয়েন্ট সংগ্রহ করে। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের নারী আর্চাররা।
পরে বন্যা আক্তার ও নওয়াজ রাকিব মিলে কম্পাউন্ড মিক্সডের ফাইনালে কাজাখস্তানের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে হেরেছে। প্রথম, তৃতীয় ও চতুর্থ তীর ছোড়াতে বন্যা-রাকিব মিলে স্কোর করেন ৩৮, ৩৭ ও ৩৮। কিন্তু দ্বিতীয়টিতে একট শট মিস টার্গেট হলে ১০ পয়েন্টে পিছিয়ে পড়ে। মূলত এই ব্যর্থতাতেই শেষপর্যন্ত ১৪২-১৫৩ পয়েন্টে হেরে যান তারা।
এক স্বর্ণ, দুই রূপা ছাড়াও আজকে বাংলাদেশ দুটি ইভেন্টের ব্রোঞ্জ জিতেছে। পুরুষদের কম্পাউন্ডের এককে নওয়াজ রাকিব ১৪৫-১৩৯ পয়েন্টে হারান স্বদেশী তরিকুল ইসলামকে।
আর মেয়েদের কম্পাউন্ডের এককে কাজাখস্তানের তীরন্দাজকে ১৪৩-১৩৯ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জেতেন কুলসুম আক্তার মনি।
বৃহস্পতিবার আরো তিনটি স্বর্ণপদকের লড়াই
বৃহস্পতিবার বাংলাদেশের তীরন্দাজরা আরো তিনটি স্বর্ণপদকের জন্য লড়বে। পুরুষদের রিকার্ভের দলীয় সোনার জন্য কাজাখস্তানের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন আব্দুর রহমান আলিফা, সাগর ইসলাম ও আব্দুল্লাহ রাফি।
মেয়েদের রিকার্ভের একক ইভেন্টে সায়মা সালাহ উদ্দিন লড়বেন ইরানের মবিনা ফাল্লাহর সঙ্গে লড়বেন স্বর্ণপদকের জন্য।
আর মেয়েদের কম্পাউন্ডের একক ইভেন্টের স্বর্ণপদকের জন্য কাজাখ তীরন্দাজের সঙ্গে লড়বেন বন্যা আক্তার।