ইরানের তরুণ প্রজন্ম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান, বিশ্বাস, আত্মশুদ্ধি এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়ে দেশকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি। খবর ফার্স নিউজ।
বুধবার (২৮ অক্টোবর) দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী সংগঠনগুলোর পাঠানো চিঠির জবাবে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। তরুণদের দৃঢ় সংকল্প, অদম্য ইচ্ছাশক্তি ও দায়িত্ববোধকে নেতৃত্বের সঙ্গে নতুন প্রজন্মের সম্পর্কের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
বার্তায় আয়াতুল্লাহ খামেনি লেখেন, 'প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্নেহপূর্ণ চিঠিগুলো আমি অত্যন্ত মনোযোগ দিয়ে পড়েছি।'
তিনি আরও বলেন, 'তোমাদের চিঠিতে যে দৃঢ় সংকল্প, ইচ্ছাশক্তি ও দায়িত্ববোধের প্রতিফলন ঘটেছে, তা এক গুরুদায়িত্বের প্রতীক। এই দায়িত্বের শিকড় রয়েছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র ইসলামের শিক্ষা, ইমাম খোমেনির আদর্শ এবং শহীদ খামেনির উত্তরাধিকারের মধ্যে।'
তরুণদের উদ্দেশে তিনি বলেন, জ্ঞান, ঈমান, আত্মশুদ্ধি এবং পবিত্র কোরআন ও আহলে বাইতের শিক্ষার গভীর উপলব্ধিকে নিজেদের শক্তিতে পরিণত করতে হবে।
একই সঙ্গে প্রিয় ইরানের শক্তি ও মর্যাদা বাড়াতে কাজ এবং উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিগুণ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি। তাঁর প্রত্যাশা, এ প্রচেষ্টার মধ্য দিয়ে ইরান শিগগিরই উন্নতির শিখর এবং ইসলামি-ইরানি সভ্যতার কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে পারবে।