গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, আটক ১৬

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মকবুল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৫টার দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একই গ্রামের রাশেদুল ইসলামের সঙ্গে মকবুল হোসেনের বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে রাশেদুল ইসলাম ও তার লোকজন বিরোধপূর্ণ জমি দখল করতে যান। এ সময় মকবুল হোসেন সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে রাশেদুলের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৬ জনকে আটক করে। তারা হলেন- দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামের রাশেদুল ইসলাম (২৮), রেজাউল করিম (২৮), মোকছেদুল ইসলাম (১৮), আবিল হোসেন (১৮), মিন্টু মিয়া (৩৫), মঞ্জু মিয়া (৪০), লিটন মিয়া (৩৫), নজরুল ইসলাম (৫০), শাহাবুদ্দিন (৬০), নিরফুল বেগম (৪০), কল্পনা বেগম (২৫), নুর ভানু (৪৫), শিল্পী বেগম (৩৫), খোরশেদা বেগম (২৬), ফাতেমা বেগম (১৯) ও শাবানা খাতুন (২২)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা দেশ রূপান্তরকে জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত