বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।
বিবৃতিতে তিনি তাহসিফ সাউরির মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি নিহতের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, একজন সাবেক সামরিক কর্মকর্তার মরদেহ নদ থেকে উদ্ধারের ঘটনা উদ্বেগজনক। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের দায়িত্ব পালনে কোনো ব্যর্থতা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি আরও অভিযোগ করেন, গোয়েন্দা সংস্থাগুলো সাবেক বিমানবাহিনী কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে না পারলেও বিরোধী দলের নেতাদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
বিবৃতিতে জামায়াতের এই নেতা বলেন, নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাহসিফ সাউরির মৃত্যুর কারণ, মৃত্যুর পরিস্থিতি এবং এতে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বের করতে হবে।
তিনি বলেন, তদন্তে অপরাধে জড়িত ব্যক্তি কিংবা কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ঘটনায় কেউ যেন দায়মুক্তি না পান এবং নিহতের পরিবার যেন ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।