ব্যালন ডি' অরে মেসির ভোট পাওয়া কেই এই ইব্রাহিম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পিএম

ফুটবলের মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অরের কোপা ট্রফির (অনূর্ধ্ব-২১ সেরা খেলোয়াড়ের পুরস্কার) জন্য সাবেক বিজয়ী হিসেবে ভোট দিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তবে মেসির দেওয়া ভোটেট তালিকা সামনে আসতেই ফুটবল বিশ্বে তৈরি হয়েছে ব্যাপক বিস্ময়। পডিয়ামে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার দুই বিস্ময় বালক লামিন ইয়ামাল ও পাউ কুবার্সির পাশাপাশি তিনি স্থান দিয়েছেন আলজেরীয় তরুণ ইব্রাহিম মাজাকে।

২৬ জন ব্যালন ডি’অর জয়ী বিচারকদের মধ্যে একমাত্র লিওনেল মেসিই বায়ার লেভারকুজেনের ২০ বছর বয়সী মিডফিল্ডার মাজাকে নিজের শীর্ষ তিনে জায়গা দিয়েছেন।

কোপা ট্রফি প্রদানের ক্ষেত্রে প্রাক্তন ব্যালন ডি’অর বিজয়ীরা বিচারক হিসেবে ভোট দিয়ে থাকেন। প্রতিটি বিচারক তিন জন খেলোয়াড়কে যথাক্রমে ৫, ৩ এবং ১ পয়েন্ট দিয়ে নির্বাচন করেন। মেসির পছন্দ ছিল- প্রথম স্থান (৫ পয়েন্ট): লামিন ইয়ামাল (ট্রফি বিজয়ী), দ্বিতীয় স্থান (৩ পয়েন্ট): পাউ কুবার্সি এবং তৃতীয় স্থান (১ পয়েন্ট): ইব্রাহিম মাজা

মেসির এই ১ পয়েন্টের ওপর ভর করেই তরুণ ইব্রাহিম মাজা পুরো র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে নবম স্থানে থেকে বছর শেষ করেছেন। আলজেরিয়ান ফুটবলের ইতিহাসে মাজা প্রথম খেলোয়াড়, যিনি অনূর্ধ্ব-২১ সেরা খেলোয়াড়ের তালিকায় প্রথম ১০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন।

কেন মাজা পেলেন মেসির সমর্থন?

জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের হয়ে চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন ইব্রাহিম মাজা। ১১ ম্যাচে তিনি ৩টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন। তবে মেসির নজর কাড়ার মূল ঘটনাটি ঘটেছিল ২০২৬ বিশ্বকাপের মঞ্চে।

ক্যানসাস সিটিতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের গ্রপ পর্বের ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসি হ্যাটট্রিক করে ম্যাচটি ৩-০ ব্যবধানে জেতালেও সেদিন আলজেরিয়ার হয়ে মধ্যমাঠে আলো ছড়িয়েছিলেন ইব্রাহিম মাজা। ম্যাচে তিনি সতীর্থ ফারেস শাইবিকে দিয়ে একটি চোখধাঁধানো গোল করিয়েছিলেন (যদিও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়)। ঠিক চার মাস পর, সেই পারফরম্যান্স স্মরণ করেই মেসি তাকে বিশ্বের সেরা তরুণদের তালিকায় ভোট দেন।

ভোটের বিস্তারিত ও শীর্ষ প্রতিদ্বন্দ্বিতা

এবারের কোপা ট্রফিতে মূল লড়াইটি হয়েছে লামিনে ইয়ামাল ও পাউ কুবার্সির মধ্যে:

  • কুবার্সির পক্ষে যারা এক নম্বর ভোট দিয়েছেন: রুদ গুলিত, মার্কো ভ্যান বাস্তেন, রবের্তো বাজ্জিও, জর্জে ওয়াহ, রিভালদো, পাভেল নেদভেদ, রোনালদিনহো, ফ্যাবিও ক্যানাভারো ও রদ্রি।
  • ইয়ামালকে যারা প্রথম স্থান দিয়েছেন: লোথার ম্যাথাউস, রোনালদো নাজারিও, লুইস ফিগো, মাইকেল ওয়েন, আন্দ্রি শেভচেঙ্কো, কাকা, লুকা মদ্রিচ, করিম বেনজেমা, ওসমান দেম্বেলে এবং লিওনেল মেসি।
  • তৃতীয় স্থান: পিএসজির ফরাসি মিডফিল্ডার ওয়ারেন জাইর-এমেরি তৃতীয় স্থান অধিকার করেন।

এ বছর ব্যালন ডি'অরজয়ী খেলোয়াড়দের মধ্যে মিশেল প্লাতিনি, জিনেদিন জিদান ও ক্রিশ্চিয়ানো রোনালদো ভোটদান প্রক্রিয়া থেকে বিরত ছিলেন।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত