ধামরাইয়ে ছয় শিক্ষকের কলেজে পাস ৪

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

ঢাকার ধামরাইয়ে একটি কলেজে ৬ জন শিক্ষক মিলে পাশ করাতে পারল মাত্র ৪ জন শিক্ষার্থীকে ৷ 

সম্প্রতি উপজেলার যাদবপুর ভবন মোহন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। ছয়জন শিক্ষকের বিপরীতে ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র চারজন। বাকি ২০ জনই অকৃতকার্য হয়েছেন। কলেজটির পাসের হার মাত্র ১৬ দশমিক ৬৭ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

এমন ফলাফলে প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। ছয়জন শিক্ষক থাকা সত্ত্বেও কেন অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।  

স্থানীয়দের অভিযোগ, কলেজে পড়াশোনার পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে না। অনেকেই ক্লাস চলাকালে টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটায়। ফলে শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ ব্যাহত হচ্ছে।

তাদের মতে, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পাঠদানে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

কলেজ সূত্রে জানা যায়, ২০১৮ সালে শুরু হওয়া কলেজেটি বিজ্ঞান বাণিজ্য ও মানবিক শাখায় যাত্রা শুরু করলেও বর্তমানে শুধু মানবিক শাখায় শিক্ষার্থী রয়েছে। এবছর শুধু মানবিক শাখায় শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। 

ফলাফল বিপর্যয়ের বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকলিমা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বছর তাদের প্রতিষ্ঠান থেকে ২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে মাত্র চারজন পাস করেছে।

ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে তিনি শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই দায়ী বলে মনে করে আরও বলেন, তাদের ধারণা ছিল শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেছে, প্রায় ১০ জন শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। আইসিটি বিষয়ে যথাযথভাবে ক্লাস ও পাঠদান না হওয়ায় পরীক্ষায় খারাপ ফল হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে।

এবিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন, শিক্ষকদের নিয়ে কাউন্সেলিং করা হবে, যাতে আগামীতে ফলাফল ভালো করা যায়। 

সর্বশেষ সর্বাধিক পঠিত