রাজধানীতে এক দিনে মিলল তিনজনের মরদেহ

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশের রাস্তা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজীব জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। হাসপাতালের আশপাশেই তার বসবাস ছিল।

অন্যদিকে, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে রাহাত (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। রাহাতও ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং উদ্যানেই থাকতেন। শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ১০১ ও ১০২ নম্বর ওয়ার্ডের মাঝখানে থাকা জোড়া সিঁড়ির নিচ থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ওই বৃদ্ধের এক পায়ে পচন ধরেছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া তিনটি মরদেহই বেওয়ারিশ। ময়নাতদন্তের জন্য সেগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে কোনো দাবিদার পাওয়া না গেলে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট থানা পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত