মাইজভাণ্ডারী দর্শন নিয়ে আলোচনা ও সেমা মাহফিল

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১১:২৯ এএম

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আশেকানে হক ভাণ্ডারী ও শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে ‘মাইজভাণ্ডারী দর্শন’ শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের প্রধান কার্যালয় শোকর-এ মওলা মনজিল মিলনায়তনে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ এহসান উল্লাহর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক লিটন পালিত টনির সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। স্বাগত বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সদস্য মুহাম্মদ ওমর ফারুক।

আলোচনায় অংশ নেন সংগঠনের নির্বাহী সদস্য মুহাম্মদ সজীবুল হাসান চৌধুরী, সিনিয়র সহসভাপতি সৈয়দ গোফরান উদ্দিন ফরহাদ, উপদেষ্টা মুহাম্মদ আজম ও সৈয়দ শফিউল আজিম সুমন।

বক্তারা মাইজভাণ্ডারী দর্শনের আধ্যাত্মিক তাৎপর্য, মানবপ্রেম, সম্প্রীতি ও মানবকল্যাণমূলক দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, মাইজভাণ্ডারী দর্শন মানুষের অন্তরে খোদাপ্রেম জাগ্রত করে। একই সঙ্গে সৃষ্টির প্রতি ভালোবাসা ও কল্যাণকামিতার শিক্ষা দেয়। মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.) কেবলা কাবা সব সময় মানবতা, প্রেম, সম্প্রীতি ও সৃষ্টির কল্যাণের শিক্ষা দিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে বিগত কার্যকরী পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ শাহরিয়ার আসিফের প্রবাসে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি রুপম মল্লিক বাবু ও ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিম। এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যসহ আশেকানে মাইজভাণ্ডারী এবং আশেকানে শাহানশাহ হক ভাণ্ডারীর অনুসারীরা উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান লোকমান। জিকিরে সেমা মাহফিল পরিচালনা করেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুহুল আমিন সাগর ও গোলাম মওলা রনি।

অনুষ্ঠানের শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারীর সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ সর্বাধিক পঠিত