ছোঁয়ার স্বপ্নের গল্প

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ এএম

পেশায় চিকিৎসক হলেও গত ৩১ অক্টোবর থেকে জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছেন কানিজ ফাতেমা ছোঁয়া। রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘মিস অ্যান্ড মিসেস ডক্টর-সিজন ১’ প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বিজয়ের মুকুট মাথায় তোলার পর অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেললেও বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল বাবার মুখখানি। পাশে থেকে অনুপ্রেরণা জোগানদাতা বাবা সামনে না থাকলেও অর্জনের এই মুহূর্তে তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শো ডিরেক্টর সাকিব সনেট এবং প্রধান নির্বাহী ও অর্গানাইজার ড. হাসান মাহমুদের প্রতি।

রাশিয়ার শতবর্ষী ঐতিহ্যবাহী ‘রস্তভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি’ থেকে ২০২৫ সালে এমবিবিএস সম্পন্ন করেছেন ছোঁয়া। পড়াশোনার পাশাপাশি টুকটাক অভিনয় করেছেন তিনি। নাচ, গান ও চিত্রাঙ্কনে পারদর্শী শতভাগ সংস্কৃতিমনা এই তরুণী খুলনার মেয়ে। অভিনয়ের প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা। তাই চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি অভিনয়টাও চালিয়ে যেতে চান তিনি।

তার এই সংগ্রামের পেছনে রয়েছে পরিবারের স্বপ্নপূরণের তাগিদ। ব্যাংকার বাবা জি এম কামরুল হুদা গত দেড় বছর ধরে স্ট্রোকজনিত অসুস্থতার কারণে বাসায় চিকিৎসাধীন। বাবা ও মা ফিরোজা হুদার স্বপ্ন বাস্তবায়নে সংগ্রাম করে যাওয়া ছোঁয়ার কাঁধে রয়েছে ছোট ভাই তানজিমকে মানুষ করার দায়িত্বও। ১৮ নভেম্বর জন্ম নেওয়া এই চিকিৎসক ও সংস্কৃতিকর্মী বলেন, প্রবাসে পড়াশোনার সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে গানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করতেন তিনি। ভবিষ্যতে একজন সফল চিকিৎসক হওয়ার পাশাপাশি অভিনয়ে নিয়মিত কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। ইতিমধ্যে অভিনেতা ডা. এজাজুল ইসলাম তার অভিনয়, সংলাপ প্রক্ষেপণ এবং উচ্চারণের প্রশংসা করে তাকে একজন অভিজ্ঞ শিল্পীর সঙ্গে তুলনা করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত