খাবারে অননুমোদিত রং, বাসি চিকেন: তিন রেস্তোরাঁকে জরিমানা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
চট্টগ্রামের আনোয়ারায় খাবারে অননুমোদিত রং ও রাসায়নিক ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে তিনটি রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী ও টানেল সংযোগ সড়ক এলাকার বিভিন্ন খাবারের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান। এ সময় আনোয়ারা থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।
 
অভিযানে ভোজন বাড়ি নামের একটি রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে খাবারে অননুমোদিত রং ও গোলাপজল, কেওড়াজলের মতো রাসায়নিক ব্যবহারের পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায়।
 
এ ছাড়া সাদিয়া'স কিচেন নামের একটি প্রতিষ্ঠানকে বাসি শর্মার চিকেন সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার টানেল ভিউ রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে খাবারে গোলাপজল ও কেওড়াজলের মতো রাসায়নিক ব্যবহারের পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। এ ছাড়া একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণ করা হচ্ছিল।
 
সর্বশেষ সর্বাধিক পঠিত