ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডিকে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালাকে তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মাসুদুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মন্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেন আসামির আইনজীবী মো. জাকারিয়া হায়দার। তিনি শুনানিতে বলেন, ঘটনার সময় আসামি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার বিষয় কিছুই জানে না।
গত ১৯ অক্টোবর সন্ধ্যায় দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে ডিপি পুলিশ। পরদিন সোনা ও হীরা চোরাচালন এবং অর্থপাচারের মামলায় তাকে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর গত ২৮ অক্টোবর উত্তরা পশ্চিম থানার মামলায় আ. জব্বার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। চার দিনের রিমান্ড শেষে রবিবার পুনরায় দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।