পোস্তগোলায় ট্রাকচাপায় দুই অটোচালক নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ এএম

রাজধানীর কদমতলীর পোস্তগোলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এতে চাপা পড়ে নিহত হন দুই অটোরিকশাচালক। এ ঘটনায় আহত হন আরও একজন। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে কদমতলীর থানার পোস্তগোলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুরের জাকির হোসেন ও পটুয়াখালী সদর উপজেলার জাহাঙ্গীর পোদ্দার। নিহত দুজনই ছিলেন অটোরিকশাচালক। তারা যাত্রীর জন্য অপেক্ষায় ছিলেন সেখানে। এ ঘটনায় আহত সুভাষ চন্দ্রের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

জানা গেছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে ফুটপাতের পাশের চায়ের দোকানে উঠে যায়। এতে চার-পাঁচটি অস্থায়ী দোকান পুরোপুরি গুঁড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। কদমতলী থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

এ বিষয়ে কদমতলী থানার উপপরিদর্শক মো. জামাল হোসেন বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত