গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমুসহ সাতজনের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়। আদালত এ মামলার পলাতক আসামি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে। মামলার সাত আসামি হলেন, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান, ড. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এদের মধ্যে মির্জা আজম ছাড়া অপর ৬ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। গত ২ নভেম্বর সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।
প্রসিকিউশন জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপনসিবিলিটি বা শীর্ষ নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হয়েছে