কয়লা উত্তোলন ও স্থানীয় যুবকদের কর্মসংস্থানের দাবিতে পার্বতীপুরবাসী

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলন, স্থানীয়দের পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবিতে ‘ফুলবাড়ি কয়লা খনি এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে মানববন্ধন করেছেন জেলার পার্বতীপুরবাসী।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে পার্বতীপুর উপজেলার বৈগ্রাম চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চাকরিসহ অন্যান্য দাবি জানিয়ে বক্তারা বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের আলোকে দ্রুত সময়ে ফুলবাড়ি কয়লা খনি প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তাই ফুলবাড়ি কয়লা প্রকল্প বাস্তবায়নে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ রইল। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। স্থানীয় জনগণের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। উন্নত বাসস্থানের ব্যবস্থা করতে হবে। স্থানীয় আয় রোজগারের সুযোগ তৈরি এবং অবকাঠামো উন্নয়ন করত হবে।

মানববন্ধনে বক্তব্যে স্থানীয় বাসিন্দা জাকারিয়া নয়ন বলেন, ইতোপূর্বে বড়পুকুরিয়া কয়লা খনির জন্য ক্ষতিগ্রস্ত অনেক মানুষ ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন থেকে বঞ্চিত হয়েছেন বলে শোনা যায়। ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়ন করা হলে একই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে। বড়পুকুরিয়া কয়লা খনির ৯নম্বর হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম এলাকায় ফুলবাড়ীর কয়লা খনির মুখ রয়েছে। এখান থেকেই কয়লা উত্তোলন শুরু করা হবে। দেশে জ্বালানি সংকটের বিপরীতে অর্থনৈতিক মুক্তি পেতে পৃথিবীর সর্বোবৃহৎ উৎকৃষ্ট মানের কয়লার মজুদ রয়েছে ফুলবাড়ীসহ চার উপজেলায়। এই কয়লা উত্তোলন করে জ্বালানি সংকট মোকাবিলা করা সম্ভব। ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান। 

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রকল্প এলাকার জাকারিয়া নয়ন, আব্দুল কাদের, আব্দুল আজিজ ও বিপ্লব হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।  

সর্বশেষ সর্বাধিক পঠিত