১০৫ বছরে প্রথম নারী ভিপি পেল আলিগড় বিশ্ববিদ্যালয়

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ছাত্র সংসদের ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী সহসভাপতি নির্বাচিত হয়েছেন নাশরা নাঈম। শুক্রবার (৬ নভেম্বর) ঘোষিত নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ছাত্র সংসদের ১৩টি পদের মধ্যে ছয়টিতেই জয় পেয়েছেন নারী প্রার্থীরা। খবর টেলিগ্রাফ ইন্ডিয়া।  

সহসভাপতি পদে নাশরা নাঈম পেয়েছেন ৭ হাজার ৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮ ভোট। এ ছাড়া ছাত্র সংসদের ১০টি ক্যাবিনেট সদস্য পদের মধ্যে রেকর্ড পাঁচটিতেও জয়ী হয়েছেন নারী প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধির ক্ষেত্রে এটিকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনে সভাপতি পদে ৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হামদান।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেন্স কলেজ স্টুডেন্টস ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এবারের নির্বাচনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। কারণ, দীর্ঘ আট বছর বিরতির পর অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। গত তিন বছর ধরে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পর নির্বাচনের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক জানিয়েছেন, চলমান জেন-জি আন্দোলনের প্রভাবও এবারের নির্বাচনে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আগের বছরগুলোতে নির্বাচনী প্রচারে ক্যাম্পাসকেন্দ্রিক বিভিন্ন সমস্যা প্রাধান্য পেত। তবে এবার জাতীয় পর্যায়ের নানা ইস্যুও আলোচনায় এসেছে। এর মধ্যে মুসলিম সম্প্রদায়সংশ্লিষ্ট বিষয়গুলোও ছিল।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি একে প্রতিষ্ঠানটির ‘গণতান্ত্রিক ঐতিহ্যের এক উজ্জ্বল বিজয়’ হিসেবে উল্লেখ করেন।

ছাত্র সংসদে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও প্রতিনিধিত্বকেও স্বাগত জানিয়েছেন তিনি। পাশাপাশি নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেছেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনী প্রচার চলাকালে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত