অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০১:০০ এএম

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় পূর্বনির্ধারিত সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

শুক্রবার সকালে নিজের নির্বাচনী এলাকা সিলেটের কোম্পানীগঞ্জে সফরকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। পরে তাঁকে সিলেট নগরের আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, শুক্রবার সকালে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যান আরিফুল হক চৌধুরী। সেখানে হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন তিনি। এ অবস্থায় তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়। দ্রুত তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরের মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘মন্ত্রী ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা দ্রুত তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। বর্তমানে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

এদিকে, শুক্রবার বিকেলে অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে হাসপাতালে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীসহ বিএনপির একটি প্রতিনিধিদল।

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী জানান, প্রবাসীকল্যাণমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত