সাত নভেম্বরের চেতনা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা: ভূমি প্রতিমন্ত্রী

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

সাত নভেম্বরের চেতনা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, ১৯৭৫ সালের গভীর সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছিলেন। সেই চেতনাকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র সুসংহত করা, অর্থনৈতিক মুক্তি, সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আধুনিক, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৭ নভেম্বর) সকালে বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে ভূমি প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মাইলফলক। সেই বিপ্লবের চেতনা ধারণ করেই গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং একটি আধুনিক, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক মিয়া ভোলা, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন। এছাড়া মহানগর বিএনপির সদস্য ইসকান্দর মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, খোরশেদ আলম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, জমির আহম্মদ, গাজী আইয়ুব, আবু মুসা, নুর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আজম, আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ইউসুফসহ নগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে, দিবসটি উপলক্ষে সকালে নগরীর নসিমন ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ১১টায় নগরীর বিপ্লব উদ্যানে ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লবে আত্মত্যাগকারী বীরদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা। এরপর স্বেচ্ছায় রক্তদান, আলোচনা অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত