জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আলোচনা-রচনা প্রতিযোগিতা

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির এবং প্রক্টর  মোহাম্মদ সোলাইমান চৌধুরী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি তাঁর ব্যক্তিগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, জীবনের বিভিন্ন সময়ে মানুষের কাছ থেকে পাওয়া সহযোগিতা, ভালোবাসা ও আন্তরিকতার কথা তুলে ধরেন। তিনি বলেন, মানুষের কাছ থেকে পাওয়া পরামর্শ, সহযোগিতা ও মানবিক আচরণ তাঁর ব্যক্তিত্ব ও জ্ঞানকে সমৃদ্ধ করেছে। দেশের মানুষের কল্যাণে সবাইকে মানবিক, সহনশীল ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান তিনি।

উপাচার্য আরও বলেন, সমাজে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি যেকোনো ধরনের বিভেদ পরিহার করতে হবে। ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশ ও জাতির স্বার্থকে প্রাধান্য দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন অধ্যাপক মোহাম্মদ মঈনুল হক, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. সাহীদ মো. আসিফ ইকবাল,সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী এবং আসিফ ইকবাল, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন মুন্না।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সমাজবিজ্ঞান ও টেকসই উন্নয়ন বিভাগের টিনা মারমা। দ্বিতীয় স্থান আইন বিভাগের নুসরাত জাহান, তৃতীয় অর্থনীতি বিভাগের ইবতিসাম আজম তাসকিন, চতুর্থ একই বিভাগের হিজবুল্লাহ মাহমুদ রিজভী এবং পঞ্চম স্থান অর্জন করেন অর্থনীতি বিভাগের শরিফা তাসফিয়া মিল্লাত। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত