এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ এএম

এসিআই পিএলসিকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধাসহ বহুমুখী ব্যাংকিং ও আর্থিক সেবা দিতে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ব্যাংক। এ অংশীদারত্বের মাধ্যমে এসিআইয়ের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ডিলার, সরবরাহকারী ও কৃষি অংশীদারদের জন্য অর্থায়ন এবং ডিজিটাল লেনদেনের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

চুক্তির আওতায় এসিআইকে বাংলা কিউআর, স্মার্ট পিওএস এবং নির্দিষ্ট পেমেন্ট চ্যানেলের সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক। এসব সেবার মাধ্যমে ডিস্ট্রিবিউটর ও ডিলারদের কাছ থেকে ডিজিটাল পদ্ধতিতে অর্থ সংগ্রহ আরও সহজ হবে। পাশাপাশি ব্যাংকটির বিশেষায়িত প্ল্যাটফর্ম ‘সাফল্য’-এর মাধ্যমে ডিজিটাল অর্থায়ন সেবা দেওয়া হবে। এর ফলে যোগ্য আবেদনকারীরা সহজেই ডিজিটাল পদ্ধতিতে ঋণসুবিধা গ্রহণ করতে পারবেন।

এ অংশীদারত্বের আওতায় ডিস্ট্রিবিউটরদের কার্যকরী মূলধন ও পণ্যের মজুদের চাহিদা পূরণে বিশেষায়িত ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং সুবিধা চালু করা হবে। একই সঙ্গে ইনভেন্টরি ফ্যাসিলিটিজ, ফ্যাক্টরিং ও রিভার্স ফ্যাক্টরিংসহ পুরো সাপ্লাই চেইনের আর্থিক চাহিদা পূরণে বিশেষ অর্থায়ন সুবিধা দেবে ব্যাংকটি।

এসিআই পিএলসির সঙ্গে এ চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘এসিআইয়ের সঙ্গে আমাদের এই কোলাবোরেশন পুরো বিজনেস ভ্যালু চেইনের আর্থিক চাহিদা পূরণে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতিরই প্রতিফলন। ডিজিটাল পেমেন্ট, কাস্টমাইজড ফাইন্যান্সিং এবং ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধার সমন্বয় ঘটিয়ে আমরা করপোরেট প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, শক্তিশালী লিংকেজ তৈরি এবং পরিবেশক, সরবরাহকারী ও কৃষি অংশীদারদের জন্য অর্থায়নের সুযোগ প্রসারিত করতে চাই। আমরা একটি দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার ব্যাপারে আশাবাদী, যা পারস্পরিক ভ্যালু তৈরি করবে এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।’

এসিআই পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা বলেন, ‘আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ব্র্যাক ব্যাংকের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগ আমাদের ডিস্ট্রিবিউশন এবং কৃষি নেটওয়ার্কে অর্থায়ন সুবিধা সহজ করবে এবং টেকসই প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যৌথ উদ্যোগ উভয় প্রতিষ্ঠানসহ সামগ্রিক ব্যবসায়িক ইকোসিস্টেমে দীর্ঘস্থায়ী ভ্যালু যোগ করবে।’

গত ৪ নভেম্বর ২০২৬ ঢাকায় এসিআইয়ের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং এসিআই পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসিআই পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. মনির হোসেন খান এবং ট্রেজারি ডিরেক্টর মো. আবু হাসান জামান।

অন্যদিকে, ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত