দর্শক টানতে সাফের দুই ম্যাচের টিকিটে ৫০ শতাংশ ছাড়

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০১:২২ এএম

ঢাকায় চলমান সাফ চ্যাম্পিয়নশিপে দর্শক উপস্থিতি বাড়াতে টিকিটের দামে ছাড় দিয়েছে আয়োজক কমিটি। আজ অনুষ্ঠিত হতে যাওয়া দুটি ম্যাচের টিকিটে ৫০ শতাংশ মূল্যছাড় ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দিনের সূচিতে বিকেল সাড়ে ৩টায় ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। আর রাত ৮টায় ‘এ’ গ্রুপের লড়াইয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। এই দুই ম্যাচের টিকিটের দাম অর্ধেক কমানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।

এবারের আসরে শুরু থেকেই দর্শক উপস্থিতি প্রত্যাশা অনুযায়ী ছিল না। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে গ্যালারিতে দর্শক ছিল কম। তবে স্বাগতিক বাংলাদেশের ম্যাচে পরিস্থিতি বদলায়। ভুটানের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখতে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন প্রায় সাড়ে ১২ হাজার দর্শক, যা স্টেডিয়ামের মোট আসনসংখ্যার প্রায় অর্ধেক। টুর্নামেন্টে দর্শক উপস্থিতি আরও বাড়ানোর লক্ষ্যেই টিকিটের দামে এই ছাড় দেওয়া হয়েছে। টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিএসএর প্রতিনিধি সজীব শনিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবারের দুটি ম্যাচের টিকিটের মূল্যে ৫০ শতাংশ ছাড় কার্যকর থাকবে। এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি দর্শক মাঠে এসে খেলা উপভোগ করবেন বলে আশা আয়োজকদের।

এদিকে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিটের দাম কমানো হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত