জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ৭ নভেম্বরের চেতনা কাজ করেছে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তিন অঙ্গীকার। এগুলো হলো মানুষের মুক্তি, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা। এ চেতনায় উদ্বুদ্ধ হয়েই দেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে গণতন্ত্রবিরোধী অপশক্তিকে পরাজিত করেছে।
গতকাল শনিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
দেশি-বিদেশি চক্রান্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, পলাতক স্বৈরাচারের দোসররা পার্শ্ববর্তী দেশ থেকে নির্দেশ পেয়ে দেশের ভেতরে ককটেল ও বোমা ফাটিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। কিন্তু এ দেশের জনগণ ও সরকার যেকোনো অপতৎপরতা রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত।
ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল কায়েম করে মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ৩ নভেম্বরের পর দেশে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এমন সংকটময় মুহূর্তে ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্ত হয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও স্বনির্ভরতা অর্জন করেছিল।